• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠছে তিন অধ্যাদেশ আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দুদকের তদন্ত শুরু কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা সেন্টমার্টিন ভ্রমণে যাচ্ছেন? জেনে নিন জরুরি সব তথ্য

সুন্দরবন ও উপকূলীয় জলসীমায় কমেছে জলদস্যুতা, জোরদার নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক / ৪৭ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান, টহল জোরদার ও প্রযুক্তিনির্ভর নজরদারির ফলে দেশের উপকূলীয় এলাকা, বিশেষ করে সুন্দরবন ও বঙ্গোপসাগরসংলগ্ন জলসীমায় জলদস্যুতার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। জেলে, মৌয়াল ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ অভিযান, আধুনিক সামুদ্রিক নজরদারি এবং জীবিকায়ন সহায়তা কার্যক্রম জোরদার করেছে সরকার।

গত ২৭ আগস্ট জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করা ও জেলেদের সুরক্ষায় পুলিশ, বাংলাদেশ কোস্টগার্ড (বিসিজি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বন বিভাগ যৌথভাবে কাজ করছে।

তিনি জানান, ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযানের আওতায় জলদস্যুদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং অপহৃত ব্যক্তিদের উদ্ধারে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান ও নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বাসসকে বলেন, জলদস্যুপ্রবণ উপকূলীয় এলাকায় নৌবাহিনী, পুলিশ, নৌ-পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বিজিবি, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড।

তিনি জানান, গত ১২ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৩৯ জন বনদস্যুকে আটক করা হয়েছে। এ সময় ৪২টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ওয়াকিটকি, দূরবীক্ষণ যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই সময়ে জীবিত উদ্ধার করা হয়েছে ৪১ জন জিম্মিকে।

তিনি আরও বলেন, চলতি বছর ছয়টি জলদস্যু বাহিনীর ৫১ সদস্য কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। গত ৩০ অক্টোবর শুরু হওয়া পাঁচ মাসব্যাপী শুঁটকি মৌসুমে দুবলার চর, আলোরকোল ও কটকাসহ আশপাশের জলপথে বিশেষ নিরাপত্তাব্যবস্থা অব্যাহত থাকবে।

জলদস্যুদের হুমকির মুখে পড়লে জেলে ও ব্যবসায়ীদের কোস্টগার্ডের জরুরি হটলাইন ১৬১১১ নম্বরে যোগাযোগের আহ্বান জানান তিনি।

এদিকে, এসআরবি-৬-এর কমান্ডার নিস্তার আহমেদ বলেন, ছয়টি জলদস্যু বাহিনীর ৭৪ সদস্য এলিট ফোর্সটির কাছে আত্মসমর্পণ করেছেন।

খুলনা বিভাগীয় বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, জেলেদের গভীর সমুদ্র কিংবা বনের দুর্গম এলাকায় একা না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে রাতে ১৫ থেকে ২০টি নৌকার দলবদ্ধ বহর নিয়ে চলাচলে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বন বিভাগের সদস্য মোতায়েন থাকবে।

উপকূলীয় নিরাপত্তা জোরদারে আধুনিক টহল জাহাজ, স্পিডবোট, রাডার, জিপিএস ও উন্নত যোগাযোগব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়াসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। অপহৃত ব্যক্তিদের অবস্থান শনাক্ত এবং মুক্তিপণের লেনদেনের সূত্র অনুসন্ধানেও ড্রোন প্রযুক্তি ও আর্থিক লেনদেন পর্যবেক্ষণ সহায়তা করছে।

তবে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেও বিচ্ছিন্নভাবে জলদস্যুতার ঘটনা ঘটছে। গত ১২ অক্টোবর সুন্দরবনের শিবসা নদীর আরবনিয়া খাল এলাকায় সম্রাট বাহিনীর অপহৃত চার জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড।

নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি জেলেদের জীবিকা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে তিন মাসের মাছ ধরার নিষেধাজ্ঞাকালে নিবন্ধিত জেলেদের জন্য ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী গ্রামের জেলে শাহাবুদ্দিন ব্যাপারী বাসসকে বলেন, সরকারি এ সহায়তা তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে। এতে খাদ্যনিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা অনেকটা কমেছে।

শরণখোলা উপজেলার বনজীবী রমজান আলী বলেন, আগে জলদস্যুদের আতঙ্ক নিয়ে তাদের বনে যেতে হতো। গত মৌসুমে তার দলের কয়েকজন সদস্য জিম্মি হওয়ার পর প্রত্যেকের জন্য ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত মুক্তিপণ দিতে হয়েছে।

দক্ষিণ বেদকাশীর জেলে জব্বার মোল্লা বলেন, গত ৩০ অক্টোবর ৪০টি মাছ ধরার নৌকার একটি বহর দুবলার চরে পৌঁছেছে। তিনি আশা প্রকাশ করেন, জোরদার নিরাপত্তাব্যবস্থা তাদের জীবন ও জীবিকা সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (বিমরাড) মহাপরিচালক কমডোর (অব.) সৈয়দ মেসবাহ উদ্দিন আহমদ সামুদ্রিক নিরাপত্তা ও উপকূলীয় সম্পদ সুরক্ষায় নৌবাহিনী, কোস্টগার্ড ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে আরও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জলদস্যুতা শুধু আইনশৃঙ্খলার জন্যই হুমকি নয়, এটি উপকূলীয় অর্থনীতি, খাদ্যনিরাপত্তা, পর্যটন ও বন সংরক্ষণের জন্যও ঝুঁকি তৈরি করে।

সাবেক এই নৌ-কর্মকর্তা ও গবেষক বলেন, উপকূলে টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, প্রযুক্তিনির্ভর নজরদারি, গোপন তথ্যদাতাদের সুরক্ষা, সহজে অভিযোগ জানানোর ব্যবস্থা এবং স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়ানো জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/