সেন্টমার্টিন ভ্রমণে যাচ্ছেন? জেনে নিন জরুরি সব তথ্য
নিজস্ব প্রতিবেদত
/ ২১
Time View
Update :
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
Share
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ দ্বীপ সেন্টমার্টিনে আবারও পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এর ফলে ভ্রমণপিপাসুদের জন্য খুলে গেছে দেশের একমাত্র প্রবালদ্বীপ ভ্রমণের দুয়ার। এবারের মৌসুমে দ্বীপটিতে রাত যাপনেরও সুযোগ থাকছে। তবে নির্বিঘ্নে ভ্রমণ উপভোগ করতে যাত্রার আগেই জাহাজের টিকিট, যাতায়াত খরচ, আবাসন এবং পরিবেশগত নিয়মকানুন সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা জরুরি।
আগেভাগেই সংগ্রহ করুন জাহাজের টিকিট
সেন্টমার্টিন ভ্রমণের পরিকল্পনা চূড়ান্ত হলে দেরি না করে জাহাজের টিকিট বুকিং দিয়ে রাখা ভালো। শেষ মুহূর্তের টিকিট সংকট এড়াতে ভ্রমণের তারিখ ঠিক করার পরপরই টিকিট সংগ্রহের ব্যবস্থা করুন। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট, গ্রাহকসেবা নম্বর কিংবা অনুমোদিত ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কেনা যাবে। বুকিংয়ের আগে যাত্রার সময়সূচি ও আসনের প্রাপ্যতা নিশ্চিত হয়ে নিন।
যেসব জাহাজে যেতে পারবেন
চলতি পর্যটন মৌসুমে কক্সবাজার থেকে সেন্টমার্টিন নৌপথে প্রায় ১০টি জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—এমভি কর্ণফুলী এক্সপ্রেস, বে-ক্রুজার ১, এমভি বারো আউলিয়া ও কেয়ারি সিন্দাবাদ। ভ্রমণের তারিখ নির্ধারণের আগে কোন জাহাজের টিকিট পাওয়া যাচ্ছে, তা যাচাই করে নেওয়া উচিত।
যাতায়াত খরচ
জাহাজের টিকিটের মূল্য মূলত আসনের ধরন ও সুযোগ-সুবিধার ওপর নির্ভর করে। সাধারণ আসন থেকে শুরু করে বিজনেস চেয়ার, মোজার্ট চেয়ার, বেড এবং কেবিন—বিভিন্ন শ্রেণির টিকিট পাওয়া যায়। যাওয়া-আসার (রাউন্ড ট্রিপ) ক্ষেত্রে এসব টিকিটের দাম প্রায় ৩ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ১৫-২০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। তাই টিকিট কেনার আগে আসনের সুবিধা, ভাড়া এবং আসন খালি আছে কি না, তা ভালোভাবে যাচাই করে নিন।
ট্রাভেল পাস নিয়ে দুশ্চিন্তা নেই
সেন্টমার্টিন ভ্রমণে পর্যটকদের জন্য ট্রাভেল পাস বাধ্যতামূলক করা হয়েছে। তবে এ জন্য আলাদাভাবে নিবন্ধনের ঝামেলা পোহাতে হবে না। জাহাজের টিকিট বুকিং সম্পন্ন হলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নির্দেশনা অনুযায়ী নিবন্ধন ও ট্রাভেল পাসসংক্রান্ত প্রয়োজনীয় প্রক্রিয়া জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানই সম্পন্ন করবে।
আগে থেকেই হোটেল বা রিসোর্ট বুকিং দিন
দ্বীপে রাত কাটানোর পরিকল্পনা থাকলে আগেভাগেই আবাসন নিশ্চিত করা বুদ্ধিমানের কাজ। সেন্টমার্টিনে ২৩০টিরও বেশি হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। দ্বীপে পৌঁছে থাকার জায়গা খোঁজার পরিবর্তে যাওয়ার আগেই পছন্দের হোটেল বুকিং দিলে সময় ও ভোগান্তি দুটোই কমবে। মান ও সুযোগ-সুবিধা ভেদে আবাসনের ভাড়ায় ভিন্নতা রয়েছে—
উন্নত মানের হোটেল ও রিসোর্ট: প্রতি রাতের ভাড়া আনুমানিক ৮ থেকে ১২ হাজার টাকা।
স্ট্যান্ডার্ড হোটেল: প্রতি রাত ৪ থেকে ৬ হাজার টাকা।
ইকোনমি হোটেল ও রিসোর্ট: প্রায় ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা।
বুকিংয়ের আগে সংশ্লিষ্ট হোটেল বা রিসোর্টের ওয়েবসাইটে চলমান কোনো অফার বা বিশেষ ছাড় আছে কি না, তা দেখে নিতে পারেন।
ভ্রমণে যে বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন
সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের কিছু নিয়ম মেনে চলতে হবে—
দ্বীপে প্রবেশের সময় প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। পাশাপাশি পরিচয় নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে রাখা জরুরি।
পলিথিন ও একবার ব্যবহারযোগ্য (ওয়ান-টাইম) প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ এড়িয়ে চলুন।
সৈকতে উচ্চ শব্দে গান বাজানো, রাতে দীর্ঘসময় উজ্জ্বল আলো জ্বালিয়ে রাখা কিংবা সৈকতে বারবিকিউ পার্টি আয়োজন করা থেকে বিরত থাকুন।
দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় মোটরচালিত যানবাহন এড়িয়ে যাতায়াতের মাধ্যম হিসেবে বাইসাইকেল বেছে নিতে পারেন।
সেন্টমার্টিনের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করাও প্রতিটি পর্যটকের দায়িত্ব। ভ্রমণের আনন্দ যেন প্রকৃতির ক্ষতির কারণ না হয়, সেদিকেও সচেতন থাকা প্রয়োজন।