বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের সব স্তরে গণতান্ত্রিক চর্চা করে। পাশাপাশি সংগঠনের বিভিন্ন স্তরে নারীদের কার্যক্রম ও কমিটি রয়েছে। অথচ টিআইবির প্রতিবেদনে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ের কমিটিতে নারীদের কোনো অংশগ্রহণ নেই’ বলে যে তথ্য তুলে ধরা হয়েছে, তা অসত্য ও বিভ্রান্তিকর।
তিনি এ ধরনের তথ্য উপস্থাপনের নিন্দা ও প্রতিবাদ জানান।
জামায়াতের সাংগঠনিক কাঠামোর তথ্য তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, সংগঠনটির গুরুত্বপূর্ণ দুটি ফোরাম হলো কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শূরা। বর্তমানে কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন নারী সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শূরায় ১২২ জন নারী সদস্য রয়েছেন। এ ছাড়া দলটির রুকন বা সদস্যদের মধ্যে নারী সদস্যের হার প্রায় ৪৩ শতাংশ।
বিবৃতিতে তিনি আরও বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো দায়িত্বশীল সংস্থার কাছ থেকে অসত্য তথ্যনির্ভর প্রতিবেদন প্রকাশ অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। ভবিষ্যতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে কোনো গবেষণা, প্রকাশনা বা প্রতিবেদন তৈরির ক্ষেত্রে আরও সতর্কতা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।