রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) বিকালে সাজেকের ঝুরঝুরি ছড়ার লাঙ্গলমারা এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে নিরাপত্তা পরিস্থিতি ও অবরোধের কারণে পর্যটন সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। সোমবার (২ নভেম্বর) থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট সংগঠনের নেতারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত লাঙ্গলমারা এলাকায় গোলাগুলি চলে। দুর্গম এলাকা হওয়ায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগের দিন শনিবারও সাজেকের মাচলং এলাকার দুর্গম কলাবুনিয়া ও ভাঙামুড়া এলাকায় দুই পক্ষের মধ্যে প্রায় দেড় ঘণ্টা গোলাগুলির ঘটনা ঘটে। পরপর এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তবে গোলাগুলিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে উভয় পক্ষ। ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, তাঁদের দলের কেউ এ ধরনের গোলাগুলিতে জড়িত নন। একইভাবে জেএসএসের কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমাও তাঁদের দলের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।
সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পরিচয় চাকমা জানান, ঝুরঝুরি ছড়া ও এর পাশের লাঙ্গলমারা সীমানা এলাকায় দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, লাঙ্গলমারা এলাকায় দুই গ্রুপের মধ্যে প্রায় এক ঘণ্টা গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে পাঁচ দফা দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ১১তম দিন ছিল রোববার। এদিন সকাল-সন্ধ্যা অবরোধ শিথিল করা হলেও খাগড়াছড়ি থেকে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির ব্যানারে আরেকটি সংগঠনের পাল্টা অবরোধের কারণে সড়কে স্বাভাবিক যান চলাচল ফেরেনি।
অবরোধের প্রভাবে সাজেক পর্যটন সড়কে কয়েকটি মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল করলেও অন্যান্য যানবাহন চলাচল প্রায় বন্ধ ছিল। এতে পর্যটকসহ সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কারবারি অ্যাসোসিয়েশনের নেতা বাবুধন চাকমা ও নতুনজয় চাকমা জানান, সোমবার থেকে আগের মতো সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
সাজেকের চলমান গোলাগুলি ও অবরোধ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
https://slotbet.online/