সরকারি চাকরিতে স্বচ্ছতা, জবাবদিহিতা, কার্যকারিতা ও গতিশীলতা নিশ্চিত করে জনসেবা আরও বেগবান করতে সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (গভর্নমেন্ট পারফরম্যান্স মনিটরিং সিস্টেম-জিপিএমএস) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেছে সরকার।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বিষয়ে গঠিত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় কমিটির সদস্য জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।
এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবরা সভায় অংশ নেন।
সভায় জিপিএমএস বাস্তবায়নের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২০২৬-২০২৭ অর্থবছরের কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়িত জিপিএমএসের সার্বিক মূল্যায়ন প্রতিবেদনও পর্যালোচনা করা হয়।
সভায় সরকারি দপ্তরগুলোতে সুশাসন প্রতিষ্ঠা, সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সময়াবদ্ধ পরিকল্পনা প্রণয়ন এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর পরিবীক্ষণ ও মূল্যায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া জিপিএমএস সহজীকরণ এবং মধ্যমেয়াদি বাজেট কাঠামো (এমটিবিএফ) সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ২০ ধারা এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ২৫৫ নম্বর নির্দেশনার আলোকে সরকারি অফিসগুলোর কর্মসম্পাদন ব্যবস্থাপনা সুদৃঢ় করার লক্ষ্যে জিপিএমএস প্রবর্তন করা হয়েছে।
বর্তমানে ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ, ৩৮৬টি দপ্তর ও সংস্থাসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের মাঠপ্রশাসনে এ পদ্ধতির কার্যক্রম চলমান রয়েছে।
https://slotbet.online/