বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। এ ঘটনায় তাহসিফের কথিত বান্ধবী ১৯ বছর বয়সী দিশাকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে। অন্যদিকে, তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ চার দিনের রিমান্ডে রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত কর্মকর্তারা।
এর আগে পুলিশ জানিয়েছিল, বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজে ২৭ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত দীপের সঙ্গে তাহসিফের অবস্থানের তথ্য পাওয়া গেছে। তদন্তকারীদের দাবি, দীপ তাহসিফকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গেলেও সেখান থেকে একাই ফিরে আসেন। পরে দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসব তথ্যের ভিত্তিতে তাঁর বক্তব্য যাচাই করছেন তদন্ত কর্মকর্তারা।
এদিকে, দীপের দেওয়া বক্তব্যে একাধিক অসংগতি পাওয়া গেছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তিনি দাবি করেছিলেন, কয়েকজন পুলিশের পোশাক পরা ব্যক্তি তাঁদের ধাওয়া করলে তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দেন। তবে তদন্তকারীরা এখনো এই বক্তব্যের সত্যতা নিশ্চিত করতে পারেননি। তাহসিফের মোবাইল ফোনের কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ কল ও মেসেজ এবং অন্যান্য ডিজিটাল আলামতও পরীক্ষা করা হচ্ছে। পুলিশ খতিয়ে দেখছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, দুর্ঘটনা, নাকি অন্য কোনো ঘটনার ফল।
গত ২৮ অক্টোবর বিকেলে টঙ্গীর রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এরপর ৩১ অক্টোবর তাঁর বাবা কেএম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার পর দীপকে গ্রেফতার দেখানো হয়। তাহসিফের বাবা জানিয়েছেন, দীপ তাঁদের বাসায় নিয়মিত যাতায়াত করতেন। ঘটনার পর দীপ তাঁকে এক কথা বললেও পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে টঙ্গীতে যাওয়ার কথা স্বীকার করেছেন বলে তিনি জানতে পারেন। এ কারণে তাঁর বক্তব্যে সন্দেহ তৈরি হয়েছে।
তাহসিফের মৃত্যুর ঘটনায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সংগঠন রাওয়া এবং মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, সিসিটিভি ফুটেজ, ময়নাতদন্তের প্রতিবেদন এবং অন্যান্য আলামত যাচাই করে প্রকৃত ঘটনা প্রকাশের আহ্বান জানানো হয়েছে।
https://slotbet.online/