• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠছে তিন অধ্যাদেশ আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দুদকের তদন্ত শুরু কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা

পদ্মা ব্যারাজে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

নিজস্ব প্রতিবেদক / ৪৬ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
বাসস

দেশের পানি, কৃষি, অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার ভবিষ্যৎ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পদ্মা ব্যারাজ প্রকল্প। এটি বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমের অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে পরিকল্পিতভাবে সরবরাহ করা সম্ভব হবে। এতে একদিকে পানির সংকট কমবে, অন্যদিকে বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন, নদীর নাব্যতা পুনরুদ্ধার ও লবণাক্ততা হ্রাসের নতুন সম্ভাবনা তৈরি হবে।

বিশেষজ্ঞদের মতে, প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি, কৃষি উৎপাদন, কর্মসংস্থান, পরিবেশ ও মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দাবি, পদ্মা ব্যারাজ বাস্তবায়িত হলে বছরে মাছের উৎপাদন প্রায় আড়াই লাখ টন বাড়বে। সব মিলিয়ে বছরে প্রায় ৭ হাজার ১২৭ কোটি টাকার অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে।

একসময় প্রাণবন্ত ছিল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদ-নদীগুলো। তবে ১৯৭০-এর দশকে ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা বাঁধ নির্মাণের পর শুষ্ক মৌসুমে গঙ্গার পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশে পদ্মার পানিপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। এর প্রভাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদ-নদীগুলোতে পানির সংকট, নাব্যতা হ্রাস ও লবণাক্ততা বৃদ্ধি পায়। মৃতপ্রায় হয়ে পড়ে হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতি, চন্দনা-বারাশিয়া, ইছামতী ও বড়ালসহ গুরুত্বপূর্ণ নদ-নদী।

নদীতে পলি জমে নাব্যতা কমে যাওয়ার পাশাপাশি শুষ্ক মৌসুমে লবণাক্ততার মাত্রা বাড়ছে। আবার বর্ষায় অতিরিক্ত পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বিভিন্ন এলাকায় বন্যা ও জলাবদ্ধতা দেখা দেয়। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্য উৎপাদন, সেচ, নৌ চলাচল ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপরও।

শুষ্ক মৌসুমে উপকূলীয় অঞ্চলের অনেক এলাকায় সুপেয় পানির সংকট দেখা দেয়। কৃষকেরা সেচের প্রয়োজনে ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় পানির স্তর নিচে নেমে যাচ্ছে। পাশাপাশি আর্সেনিক দূষণ ও পরিবেশগত ঝুঁকি বাড়ছে। নদীতে পানির প্রবাহ কমে যাওয়ায় মাছের উৎপাদন হ্রাস পাচ্ছে এবং অনেক জেলে কর্মসংস্থান হারাচ্ছেন। ব্যাহত হচ্ছে নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থাও।

এরই মধ্যে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনা ও পরিবেশগত সংকট মোকাবিলায় পদ্মা ব্যারাজ প্রকল্পকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

পদ্মা ব্যারাজ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বাসসকে বলেন, প্রকল্পটি নিয়ে কাজ অনেক আগেই শুরু হয়েছে। পানি ভবনে পদ্মা ব্যারাজ-সংশ্লিষ্ট একটি পৃথক অফিসও স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, গত ১১ সেপ্টেম্বর রাজবাড়ীর পাংশার হাবাসপুরে প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে। গত ২৫ অক্টোবর পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া কাঞ্চনপার্ক এলাকায় প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শন করা হয়। ব্যারাজের কাজের অগ্রগতি আরও গতিশীল হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী পদ্মা ব্যারাজের দৃশ্যমান কাজের উদ্বোধন করবেন।

প্রকল্পটির সম্ভাব্য সুফল তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পদ্মা ব্যারাজ বাস্তবায়িত হলে দেশের চার বিভাগের ১৯টি জেলার ১২০টি উপজেলার প্রায় ৭ কোটি মানুষ সরাসরি উপকৃত হবেন। কৃষি ও অর্থনীতিতে এর ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি বলেন, লবণাক্ততা বাড়তে থাকলে আগামী ২৫ থেকে ৩০ বছর পর ওই অঞ্চলে মানুষের বসবাস কঠিন হয়ে উঠতে পারে। এতে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি মাছ ও অন্যান্য প্রাণীর অস্তিত্বও হুমকির মুখে পড়বে। পদ্মা ব্যারাজ বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

গত ১৩ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়নে সরকার ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করেছে। এর পুরো অর্থায়ন হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ব্যয় আরও বাড়তে পারে। চলতি বছরের জুলাইয়ে কাজ শুরু করে ২০৩৩ সালের জুনের মধ্যে প্রকল্পটি শেষ করার পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা কমিশন জানায়, পদ্মা ব্যারাজ নির্মাণ বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতি রক্ষা এবং শুষ্ক মৌসুমে পানিসংকট দূর করতেই এ প্রকল্প নেওয়া হয়েছে। মূলত বর্ষা মৌসুমের পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে নিয়ন্ত্রিতভাবে সরবরাহের উদ্দেশ্যে ব্যারাজটি নির্মাণ করা হবে।

প্রকল্পের মূল অবকাঠামো নির্মাণ করা হবে রাজবাড়ীর পাংশা উপজেলায়। এতে ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ মূল পদ্মা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর সঙ্গে থাকবে ৭৮টি পানিনিষ্কাশন কপাট বা স্পিলওয়ে, ১৮টি তলদেশ নির্গমন পথ বা আন্ডারস্লুইস, দুটি ফিশ পাস, নৌ-লক, গাইড বাঁধ ও অ্যাপ্রোচ বাঁধ।

ব্যারাজে প্রায় ২ হাজার ৯০০ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাও রাখা হবে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, পদ্মা নদীর বাংলাদেশ অংশের দৈর্ঘ্য প্রায় ৩৪১ কিলোমিটার। গত দুই দশকে নদীভাঙনের কারণে পদ্মা অববাহিকার বিভিন্ন এলাকায় আনুমানিক ৮ থেকে ১০ হাজার হেক্টরের বেশি কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়েছে। নদীতীরবর্তী জেলাগুলোতে প্রতিবছর গড়ে ১০ থেকে ১৫ হাজার পরিবার সরাসরি নদীভাঙনের ঝুঁকিতে পড়ে।

বিশেষজ্ঞদের মতে, প্রকল্পের আওতায় নিয়মিত ড্রেজিং, তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ ও নদীর প্রবাহ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে নদীভাঙনের হার ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হতে পারে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বন্যা ও পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক মাশফিকুস সালেহীন বাসসকে বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার কারণে সুপেয় পানির সংকট রয়েছে। ভবিষ্যতে এ সংকট আরও বাড়ার পাশাপাশি সুন্দরবন ও আশপাশের এলাকায় লবণাক্ততা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। পলি জমার কারণে জলাবদ্ধতাও বাড়তে পারে।

তিনি বলেন, এসব সমস্যা মোকাবিলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মিঠাপানির সরবরাহ ও প্রবাহ বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে পদ্মা ব্যারাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীব্যবস্থা পুনরুজ্জীবিত হওয়ার পাশাপাশি পানি ও মাটির লবণাক্ততা কমানোর সুযোগ তৈরি হবে।

তবে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নদীর স্বাভাবিক প্রবাহ, পলি জমা, নদীভাঙন, উজানে নদীর ক্ষয় এবং পরিবেশগত ভারসাম্যের বিষয়গুলো সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

পদ্মা ব্যারাজের গুরুত্ব তুলে ধরে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী এবং পদ্মা ব্যারাজ-দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বাসসকে বলেন, পদ্মা ব্যারাজ জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। ফারাক্কা বাঁধের কারণে দেশের এক-তৃতীয়াংশ ভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি নৌ চলাচল, সুপেয় পানির প্রাপ্যতা, সুন্দরবনের জীববৈচিত্র্য, কৃষি, অর্থনীতি ও প্রাণিসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব সমস্যা থেকে উত্তরণে পদ্মা ব্যারাজের বিকল্প নেই।

তিনি বলেন, পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ প্রথম নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৪ সালের দিকে এ উদ্যোগ পুনরায় সামনে আনেন। তবে তখন প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে বিষয়টি সামনে এনে পদ্মা ব্যারাজ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করা হয়েছে।

সাংস্কৃতিক প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এখন পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নিয়েছেন এবং সে অনুযায়ী কাজ এগিয়ে চলছে। আশা করা হচ্ছে, অদূর ভবিষ্যতে প্রকল্পটির দৃশ্যমান অগ্রগতি হবে। এর ফলে জাতি সামাজিক ও অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে উপকৃত হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে বৃহত্তর কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলের প্রায় ২৮ লাখ ৮০ হাজার হেক্টর কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চলমান গঙ্গা-কপোতাক্ষ (জি-কে) সেচ প্রকল্প এবং প্রস্তাবিত উত্তর রাজশাহী সেচ প্রকল্পে সহায়তার মাধ্যমে দক্ষিণ-পশ্চিম, মধ্য-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে সেচ সুবিধা বাড়ানো হবে।

প্রাথমিকভাবে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা; ঢাকা বিভাগের রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ; রাজশাহী বিভাগের পাবনা, রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ এবং বরিশাল বিভাগের পিরোজপুর জেলায় প্রকল্পের সুবিধা পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো হিসনা-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতি, চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতীসহ গুরুত্বপূর্ণ নদ-নদীর প্রবাহ ও নাব্যতা পুনরুদ্ধার করা। একই সঙ্গে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট অঞ্চলে লবণাক্ততা কমানো, সুন্দরবনে মিঠাপানির সরবরাহ নিশ্চিত করা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখা।

এ ছাড়া যশোরের ভবদহসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, ভূগর্ভস্থ পানির পুনঃসঞ্চয়ন এবং আর্সেনিক দূষণ কমানোর লক্ষ্যও রয়েছে পদ্মা ব্যারাজ প্রকল্পে। সব মিলিয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন, পরিবেশ ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/