ইসরায়েলের নির্বাচনে কোনো রাজনৈতিক জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এ পরিস্থিতিতে ক্ষমতা ধরে রাখতে নতুন রাজনৈতিক সমীকরণ খুঁজছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। এর অংশ হিসেবে সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকোটের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাবও আলোচনায় এসেছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম ইসরায়েল ন্যাশনাল নিউজের বরাত দিয়ে ফার্স্টপোস্ট জানিয়েছে, রাজনৈতিক অচলাবস্থা কাটাতে লিকুদ পার্টির ভেতরে কয়েকটি বিকল্প নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে রয়েছে নেতানিয়াহু ও আইজেনকোটের মধ্যে প্রধানমন্ত্রিত্বের মেয়াদ ভাগাভাগি, উগ্র ডানপন্থী ও অতি-রক্ষণশীল ধর্মীয় দলগুলোকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন এবং বিরোধী দলের কয়েকজন আইনপ্রণেতাকে নিজেদের পক্ষে আনা।
প্রস্তাবিত ক্ষমতা ভাগাভাগির পরিকল্পনা অনুযায়ী, প্রথম দুই বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু। এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন আইজেনকোট। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। আইজেনকোট কিংবা বিরোধী শিবিরের অন্য নেতারা এমন প্রস্তাবে রাজি হবেন কি না, তা-ও স্পষ্ট নয়।
লিকুদ পার্টির আলোচনায় থাকা আরেকটি বিকল্প হলো অতি-রক্ষণশীল ধর্মীয় দলগুলোকে বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ ও জায়নবাদী দলগুলোর সমন্বয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন। তবে এ উদ্যোগ বাস্তবায়নেও রাজনৈতিক মতপার্থক্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
ইসরায়েলের রাজনীতিতে বাধ্যতামূলক সামরিক নিয়োগ নিয়ে দীর্ঘদিনের বিরোধ সরকার গঠনের সমীকরণকে আরও জটিল করে তুলেছে। অতি-রক্ষণশীল ইহুদি দলগুলো ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে যোগদানের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার পক্ষে। অন্যদিকে, বিভিন্ন রাজনৈতিক দল সামরিক ও জাতীয় দায়িত্ব পালনে সব নাগরিকের সমান অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে।
আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টি বিরোধী শিবিরের অংশ। তিনি সামরিক ও জাতীয় দায়িত্ব পালনে সব নাগরিকের সমান অংশগ্রহণের পক্ষে। নির্বাচনী প্রচারের সময়ও তিনি একাধিকবার বলেছেন, নেতানিয়াহুর আর প্রধানমন্ত্রী থাকা উচিত নয়। একই সঙ্গে আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করে সরকার গঠনের বিষয়েও তাঁর অনাগ্রহ রয়েছে।
সরকার গঠনে লিকুদ পার্টির আরেকটি কৌশল হলো বিরোধী দলের কয়েকজন আইনপ্রণেতাকে নিজেদের পক্ষে টানা। দলটির অভ্যন্তরীণ সূত্রের ধারণা, নেতানিয়াহুর ডানপন্থী জোটের আসনসংখ্যা ৬০-এর কাছাকাছি পৌঁছালে এ কৌশল কার্যকর হতে পারে। বিরোধী দলের কয়েকজন সদস্য পক্ষ পরিবর্তন করলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হতে পারে।
তবে এ পরিকল্পনার বাস্তবায়ন নির্ভর করছে বিরোধী দলের আইনপ্রণেতারা নিজেদের রাজনৈতিক জোট ছেড়ে নেতানিয়াহুর পক্ষে যেতে রাজি কি না, তার ওপর। এ ছাড়া সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করা গেলেও সেই সরকারের স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা থেকে যেতে পারে।
ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। নির্বাচনের চূড়ান্ত ফল অনুযায়ী, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী শিবির পেয়েছে ৪৮টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৯টি আসন। ফলে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
সমঝোতা না হলে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার গঠনের জন্য উপযুক্ত আইনপ্রণেতাকে দায়িত্ব দেওয়ার কথা রয়েছে। এদিকে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু।
প্রধানমন্ত্রীর পদ, সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ এবং সরকারের নীতিগত অবস্থান নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে ইসরায়েলে আবারও জাতীয় নির্বাচনের পরিস্থিতি তৈরি হতে পারে।
https://slotbet.online/