• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিক্ষার্থীর উপর নৃশংস হামলা ও সাম্প্রতিক কিশোর অপরাধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা, পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু, উঠছে তিন অধ্যাদেশ আমন ধান ৩৫ ও চাল ৪৯ টাকা কেজি দরে কিনবে সরকার পররাষ্ট্রসচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, দুদকের তদন্ত শুরু কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন এলাকায় নিরাপত্তা জোরদার বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা

পরিবার পরিকল্পনায় বছরব্যাপী জাতীয় প্রচারাভিযান, উদ্বোধন ১ ডিসেম্বর

Reporter Name / ৬৭ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

দেশে পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বছরব্যাপী জাতীয় প্রচারাভিযান শুরু করতে যাচ্ছে সরকার। ‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’—এই স্লোগান সামনে রেখে আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে এ কর্মসূচি শুরু হবে। চলবে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। কর্মসূচির মাধ্যমে পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দেশে প্রজনন হার বৃদ্ধি এবং জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (মিকস) ২০২৫-এর তথ্য অনুযায়ী, দেশে মোট প্রজনন হার বেড়ে ২ দশমিক ৪ হয়েছে। অন্যদিকে, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার ৬২ দশমিক ৭ শতাংশ থেকে কমে ৫৮ দশমিক ২ শতাংশে নেমেছে। ১৯৭৫ সালে দেশে মোট প্রজনন হার ছিল ৬ দশমিক ৩। ২০২২ সালে তা কমে ২ দশমিক ১৫ হলেও ২০২৫ সালে আবার বেড়ে ২ দশমিক ৪ হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনা সেবা নিয়ে বড় ধরনের বছরব্যাপী জনসচেতনতামূলক প্রচারাভিযান শুরু হবে। এ কার্যক্রম প্রাথমিক পর্যায় থেকেই পরিচালনা করা হবে। জারি গান, সারি গান, খেলাধুলা এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে পরিবার পরিকল্পনার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে কর্মসূচি শুধু প্রচার-প্রচারণায় সীমাবদ্ধ থাকবে না; জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও প্রয়োজনীয় পরিবার পরিকল্পনা সেবাও মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

এ কর্মসূচির আওতায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর ২২ দফা কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণ করছে। পরিকল্পনায় মহিলা সংসদ সদস্য, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সাংবাদিক, ধর্মীয় নেতা, সামাজিক সংগঠন এবং ডিজিটাল ইনফ্লুয়েন্সারদের সম্পৃক্ত করা হবে। পাশাপাশি হাট-বাজারে বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প, মা ও গর্ভবতী সুরক্ষা সমাবেশ, ইউনিয়ন পর্যায়ে পরিবার সংলাপ, নবদম্পতিদের কাউন্সেলিং এবং কৈশোর ও যুববান্ধব স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হবে। বস্তি ও ভাসমান জনগোষ্ঠীর জন্য বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি ২৩ হাজার ৫০০ ইউনিটে ওয়েলবিং ক্লাব গঠনের পরিকল্পনাও রয়েছে।

কর্মসূচিতে তরুণ-কিশোর-কিশোরী, নবদম্পতি, পুরুষ, গর্ভবতী ও প্রসূতি মা এবং বিভিন্ন অনগ্রসর জনগোষ্ঠীকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পরিবার পরিকল্পনা বিষয়ে পুরুষদের অংশগ্রহণ বাড়ানো, বাল্যবিবাহ প্রতিরোধ, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ কমানো এবং সন্তান জন্মের মধ্যে যথাযথ বিরতি রাখার বিষয়ে সচেতনতা তৈরি করা হবে। এ ছাড়া সরকারি জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর বিনামূল্যে প্রাপ্যতা সম্পর্কে মানুষকে জানানো, পল্লিচিকিৎসক ও ধাত্রীদের রেফারেল অংশীদার হিসেবে যুক্ত করা এবং এনজিও ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মপরিকল্পনা অনুযায়ী, হাট ক্যাম্পেইন, র‍্যালি ও সমন্বয় সভা ছাড়া এক বছরে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে প্রায় ২৭ লাখ ৩০ হাজার মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নভেম্বর মাসে মহিলা সংসদ সদস্যদের নিয়ে জাতীয় পর্যায়ে ওরিয়েন্টেশন আয়োজন এবং দেশের ৬৪ জেলা ও ৫০৩ উপজেলায় গণমাধ্যম ও সাংবাদিকদের মাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে। ডিসেম্বর মাসে ইউনিয়ন পর্যায়ে হাট ক্যাম্পেইন এবং উপজেলা পর্যায়ে আন্তমন্ত্রণালয় ও বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

তবে পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সংকট। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মীরা কনডম, খাবার বড়ি, আইইউডি, ইনজেকশন ও ইমপ্ল্যান্টসহ প্রায় ২৮ ধরনের জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিনামূল্যে সরবরাহ করেন। কিন্তু দুই বছরের বেশি সময় ধরে এসব সামগ্রী কেনা বন্ধ থাকায় দেশের অনেক উপজেলা ও মাঠপর্যায়ে পর্যাপ্ত মজুত নেই। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পোর্টালের মনিটরিং ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর পর্যন্ত দেশের ১৯৮টি উপজেলায় কনডমের মজুত সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এ ছাড়া ৩৫৪টি উপজেলায় জন্মনিয়ন্ত্রণ বড়ি এবং ৪২৮টি উপজেলায় আইইউডির মজুত নেই।

এ বিষয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা জানিয়েছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আগের অপারেশনাল প্ল্যানের অসমাপ্ত কার্যক্রম এগিয়ে নিতে নতুন প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় গর্ভনিরোধক সামগ্রী কেনার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ডিসেম্বর নাগাদ এসব সামগ্রী সংগ্রহ করে মাঠপর্যায়ে বিতরণ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্য, জনগণকে জানাতে হবে কোথায় জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পাওয়া যাবে, কীভাবে পাওয়া যাবে এবং কীভাবে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করতে হবে। এ কারণেই জাতীয় পর্যায়ে বছরব্যাপী প্রচারাভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, অনিচ্ছাকৃত গর্ভধারণ কমানো এবং সন্তান জন্মের মধ্যে যথাযথ বিরতি নিশ্চিত করা এ কর্মসূচির গুরুত্বপূর্ণ লক্ষ্য। তবে মাঠপর্যায়ে সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে জনবল সংকটও বড় বাধা। বর্তমানে পরিবার কল্যাণ সহকারীসহ প্রয়োজনীয় জনবলের প্রায় ৩৭ শতাংশ ঘাটতি রয়েছে। প্রায় ১৯ থেকে ২০ হাজার কর্মী কম থাকায় বাড়ি বাড়ি গিয়ে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়েছে। এরপরও বিদ্যমান জনবল দিয়ে সেবা কার্যক্রম চালু রাখার চেষ্টা চলছে বলে জানান তিনি।

সব মিলিয়ে সরকার পরিবার পরিকল্পনা কার্যক্রমকে নতুন করে গতিশীল করতে প্রচার, বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ, মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা এবং সামাজিক অংশগ্রহণকে একসঙ্গে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। তবে এ উদ্যোগ কতটা সফল হবে, তা নির্ভর করবে প্রয়োজনীয় জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর নিয়মিত সরবরাহ, জনবল সংকট দূর করা এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে কার্যকর স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/