অবশেষে কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেফতার
কুষ্টিয়া শহরের থানাপাড়ায় এসএসসি পরীক্ষার্থী জাকিয়া নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল দুপুরে কুষ্টিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় ক্রিসেন্ট ক্লাবের গলিতে, ভুক্তভোগী শিক্ষার্থীর বাসার সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ইমন নামে আরেক এসএসসি পরীক্ষার্থী প্রকাশ্যে জাকিয়াকে ছুরিকাঘাত করে।
ঘটনার পরপরই পুলিশ অভিযুক্তের বাড়িতে অভিযান চালায়। তবে সে সময় তাকে পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরপর থেকেই তাকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছিল।
অবশেষে আজ রাতে কুষ্টিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে অভিযুক্ত ইমনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেছেন এলাকাবাসী। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনানুগ বিচারের দাবি জানিয়েছেন তাঁরা।