জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর সারা দেশে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দিয়েছে সরকার। এদিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। একই নির্দেশনা কার্যকর থাকবে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস ও মিশনেও।
সম্প্রতি দিবসটি পালন উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস ও মিশনেও একই নির্দেশনা অনুসরণ করতে হবে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ নভেম্বর সারা দেশে সাধারণ ছুটি থাকবে।
এদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপনসংক্রান্ত সরকারি নির্দেশিকায় ৭ নভেম্বরকে আনুষ্ঠানিকভাবে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে প্রতিবছর সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে।