দেশের উপকূলীয় লবণাক্ততাপ্রবণ অঞ্চলসহ প্রতিকূল পরিবেশে ধান চাষের নতুন সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভাবিত নতুন জাত ‘ব্রি ধান-১১৯’। সম্প্রতি জাতীয় বীজ বোর্ডের ১১৬তম সভায় রোপা আমন মৌসুমে চাষাবাদের জন্য জাতটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ব্রির প্রকাশনা ও জনসংযোগ বিভাগের কর্মকর্তা মো. আল আমিন এ তথ্য নিশ্চিত করেন।
ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ এখলাছুর রহমানের নেতৃত্বে একদল গবেষক এ জাতটি উদ্ভাবন করেন।
লোকেশন স্পেসিফিক টেকনোলজি ডেভেলপমেন্ট (এলএসটিডি) প্রকল্পের অর্থায়নে পরিচালিত এ গবেষণায় যুক্ত ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাসিনা খাতুন, সিনিয়র প্ল্যান্ট ব্রিডার নুসরাত জাহান, বৈজ্ঞানিক কর্মকর্তা আরমিন আক্তার সেতু এবং বৈজ্ঞানিক কর্মকর্তা (সিআরসিআইএল) রিবেত ফারজানা দিশা।
নতুন জাতটির জীবনকাল প্রায় ১১৫ দিন। লবণাক্ত উপকূলীয় অঞ্চল ছাড়াও দেশের অলবণাক্ত এলাকায় এটি চাষ করা সম্ভব। ফলে রোপা আমন ধান কাটার পর একই জমিতে সরিষা কিংবা সূর্যমুখীর মতো রবি ফসল চাষের সুযোগ তৈরি হবে।
গবেষকদের তথ্য অনুযায়ী, রোপা আমন মৌসুমে ১ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে এ জাতের বীজ বপন করতে হবে। মাঝারি উঁচু থেকে উঁচু জমিতে ২৫ থেকে ৩০ দিন বয়সী চারা রোপণের পরামর্শ দিয়েছেন গবেষকেরা। এ ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব ২০ সেন্টিমিটার এবং গোছা থেকে গোছার দূরত্ব ১৫ সেন্টিমিটার রাখতে হবে। প্রতি গোছায় দুই থেকে তিনটি চারা রোপণ করতে হবে।
কৃষি তথ্য অনুযায়ী, উপযুক্ত পরিচর্যা পেলে এ ধানের গড় ফলন হেক্টরপ্রতি ৫ দশমিক ৭ টন পর্যন্ত হতে পারে। পরিবেশ ও লবণাক্ততার তারতম্য অনুযায়ী ফলন ৪ দশমিক ৮ থেকে ৭ দশমিক ৬ টন পর্যন্ত পাওয়া সম্ভব। প্রচলিত ‘ব্রি ধান৭৩’-এর তুলনায় নতুন জাতটির ফলন হেক্টরপ্রতি প্রায় এক টন বেশি।
জাতটির গাছের গড় উচ্চতা ১১৩ সেন্টিমিটার। কাণ্ড শক্ত হওয়ায় সহজে হেলে পড়ে না। বিশেষ করে চারা অবস্থায় একটানা তিন সপ্তাহ পর্যন্ত ১২ ডেসিসিমেন্স/মিটার মাত্রার লবণাক্ততা সহ্য করতে পারে। এ ছাড়া অঙ্গজ থেকে প্রজনন পর্যায়ের সংবেদনশীল বিভিন্ন ধাপে ৮ থেকে ১০ ডেসিসিমেন্স/মিটার মাত্রার লবণাক্ততা সহ্য করার সক্ষমতা রয়েছে।
‘ব্রি ধান-১১৯’-এর প্রতিটি শীষে গড়ে প্রায় ২১৫টি পুষ্ট ধান পাওয়া যায়, যা ‘ব্রি ধান৭৩’-এর তুলনায় ৭০ থেকে ৮০টি বেশি। পাশাপাশি শীষ থেকে ধান সহজে ঝরে পড়ে না। এ জাতের চাল মাঝারি চিকন ও সাদা রঙের। রান্নার পর ভাত ঝরঝরে হয়। এতে অ্যামাইলোজের পরিমাণ ২৫ দশমিক ৯ শতাংশ।
নতুন জাতটি সম্পর্কে ব্রির মহাপরিচালক মো. রফিকুল ইসলাম বাসসকে বলেন, ‘ব্রি ধান-১১৯’ উদ্ভাবন দেশের কৃষি গবেষণাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য। এটি উপকূলীয় অঞ্চলের কৃষকদের ধান উৎপাদনে সহায়তা করার পাশাপাশি দেশের খাদ্যনিরাপত্তা সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান গবেষক মোহাম্মদ এখলাছুর রহমান বলেন, দীর্ঘ গবেষণার প্রতিটি পর্যায়ে তাঁর পুরো দল নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। কৃষকদের মাঠে এ জাতের সুফল পৌঁছে দেওয়াই তাঁদের কাজের সবচেয়ে বড় প্রাপ্তি।