নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে হোসিয়ারি শ্রমিক রাসেল (১৭) হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ মামলায় সাক্ষ্যগ্রহণ করেন। এদিন নিহত রাসেলের বাবা পিন্টু রহমান ও প্রত্যক্ষদর্শী দেওভোগ সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ সাক্ষ্য দেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ বলেন, আদালত দুজনের সাক্ষ্য গ্রহণ করেছেন। সাক্ষীদের বক্তব্য অনুযায়ী, শামীম ওসমান তাঁর দলবল নিয়ে রাসেলকে গুলি করে হত্যা করেছেন। মামলার রায়ে রাসেলের বাবা সর্বোচ্চ সাজা দাবি করেছেন বলেও জানান তিনি।
সাক্ষ্যগ্রহণের সময় মামলার সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। শামীম ওসমানসহ ২৭ জন আসামি পলাতক রয়েছেন। আগামী ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী সাইদুর রহমান বলেন, আদালতে দেওয়া সাক্ষ্যে মামলার এজাহারভুক্ত আসামিদের রাসেল হত্যার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই বলে প্রতীয়মান হয়েছে। জেরার সময় বাদী স্বীকার করেছেন, পুলিশের লেখা এজাহারে তিনি শুধু স্বাক্ষর করেছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মার্কেটের সামনে গুলিতে আহত হন হোসিয়ারি শ্রমিক রাসেল। পরে ২২ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ২৭ জুলাই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন রাসেলের বাবা পিন্টু রহমান। রাসেলের গ্রামের বাড়ি নওগাঁর মান্দা থানার কশব ভোলাগাড়ী গ্রামে। তিনি নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মার্কেটের একটি হোসিয়ারি কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।