ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ১ হাজার ৮৩৭ টাকা থেকে বেড়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা। এর আগে সেপ্টেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। সে হিসাবে গত দুই মাসে সিলিন্ডারটির দাম বেড়েছে ৪৭৫ টাকা।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিইআরসি। নতুন এ মূল্য সোমবার রাত ৮টা থেকে কার্যকর হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯৪৪ টাকা, সাড়ে ১২ কেজি ২ হাজার ১৪৬ টাকা, ১৫ কেজি ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজি ২ হাজার ৭৪৭ টাকা, ১৮ কেজি ৩ হাজার ৯০ টাকা এবং ২০ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৪৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২২ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৭৭৭ টাকা, ২৫ কেজি ৪ হাজার ২৯২ টাকা, ৩০ কেজি ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজি ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজি ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৭ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। ফেব্রুয়ারিতে ৫০ টাকা বেড়ে দাম দাঁড়ায় ১ হাজার ৩৫৬ টাকা। মার্চে ১৫ টাকা কমে তা নির্ধারণ করা হয় ১ হাজার ৩৪১ টাকা।
এরপর এপ্রিলে এক লাফে ৩৮৭ টাকা বেড়ে দাম দাঁড়ায় ১ হাজার ৭২৮ টাকা। মে মাসে আরও ২১২ টাকা বেড়ে হয় ১ হাজার ৯৪০ টাকা। তবে পরবর্তী দুই মাসে দাম কমতে থাকে। জুনে ৫৫ টাকা কমে ১ হাজার ৮৮৫ টাকা এবং জুলাইয়ে ৩৫৭ টাকা কমে ১ হাজার ৫২৮ টাকায় নেমে আসে।
আগস্টে আবার ৭০ টাকা বেড়ে দাম দাঁড়ায় ১ হাজার ৫৯৮ টাকা। সেপ্টেম্বরে ১৩ টাকা কমে নির্ধারণ করা হয় ১ হাজার ৫৮৫ টাকা। সর্বশেষ মূল্যবৃদ্ধির ফলে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা হয়েছে।
